চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের বিশাল জনসভায় এ প্রতীক হস্তান্তর করা হয়।
জনসভায় বক্তব্যে ডা: শফিকুর রহমান বলেন, ‘দেশের জনগণ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।’ এ সময় তিনি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে জনসমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



