২৪ ঘণ্টায় মেলেনি সন্ধান

ময়মনসিংহে কংস নদের স্রোতে ভেসে নিখোঁজ পাউবোর কর্মী

ফুলপুর উপজেলার ঠাকুরবাহাই এলাকায় নিজ বাড়ির পাশের কংস নদের পানির গভীরতা পরিমাপ করতে যেয়ে স্রোতে ভেসে যান তিনি।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
উদ্ধার অভিযান
উদ্ধার অভিযান |নয়া দিগন্ত

ময়মনসিংহের ফুলপুরে কংস নদের পানির গভীরতা মাপতে গিয়ে আবদুল হালিম (৫৮) ওরফে রুপচান তালুকদার নামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মী নিখোঁজ হয়েছেন। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোর ৭টার দিকে ফুলপুর উপজেলার ঠাকুরবাহাই এলাকায় নিজ বাড়ির পাশের কংস নদের পানির গভীরতা পরিমাপ করতে যান তিনি।

রুপচান পাউবোর মাস্টাররোলভিত্তিক ডেপথ রিডার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার ভোর ৭টার দিকে ফুলপুর উপজেলার ঠাকুরবাহাই এলাকায় নিজ বাড়ির পাশের কংস নদের পানির গভীরতা পরিমাপ করতে যান তিনি। আগের রাতের বৃষ্টিপাতে নদীর পানি কতটা বেড়েছে, তা যাচাই করাই ছিল তার দায়িত্ব। কিন্তু নদীর তীব্র স্রোতের মধ্যে হঠাৎ তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

ঘটনার দুই ঘণ্টা পর সকাল ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ কর্মীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: লুৎফুর রহমান জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ডুবুরি দল নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ‘নিখোঁজ আবদুল হালিম হাইড্রোলজি বিভাগের অধীনে পানির গভীরতা পরিমাপের কাজ করতেন।’

বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ গুরুত্বসহকারে দেখছে বলেও তিনি জানান।

স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নদীতে নামতে বাধ্য করা হয় মাঠপর্যায়ের কর্মীদের। এতে এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলেও তারা দাবি করেন।