ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

অপহরণের পর মাইক্রোবাসের ভেতরেই দুই ভাইয়ের চোখ ও মুখ কসটেপ দিয়ে বেঁধে মারধর করা হয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের কাছে থাকা নগদ দুই লাখ ৬২ হাজার ২১০ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় চক্রটি।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
গ্রেফতার ছিনতাইকারীরা
গ্রেফতার ছিনতাইকারীরা |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে দুই ভাইকে অপহরণ, মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপরাধে ব্যবহৃত একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান। এর আগে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খানের নেতৃত্বে গাজীপুর মহানগরীর গাছা ও বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন সাঈদ আল হাসান শাকিল (২৯), মো: সবুজ ওরফে সাগর (৩০), মো: জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল (৩৫) এবং মো: মোশারফ আলী (৩৫)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দিকে আব্দুল্লাহ আল ফাহাদ খান ও তার এলাকার ছোট ভাই সিয়াম খন্দকার ব্যবসায়িক কাজে সাভারে যাওয়ার উদ্দেশে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাস এসে তাদের সামনে থামে। গাড়ি থেকে কয়েকজন নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুই ভাইকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।

অপহরণের পর মাইক্রোবাসের ভেতরেই দুই ভাইয়ের চোখ ও মুখ কসটেপ দিয়ে বেঁধে মারধর করা হয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের কাছে থাকা নগদ দুই লাখ ৬২ হাজার ২১০ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় চক্রটি। ওই রাতেই আনুমানিক ১০টা ২০ মিনিটে মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় একটি ব্রিকস ফিল্ডের সামনে দুই ভাইকে ফেলে রেখে দস্যুরা পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ আল ফাহাদ খান বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। মামলা পরবর্তী সময়ে ঢাকা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) কাওছার ও জুলফিকারের সমন্বয়ে গঠিত একটি টিম গাজীপুর থেকে তাদের গ্রেফতার করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডিবি পরিচয়ে অপহরণ ও ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া করে আদালতে পাঠানো হয়েছে।