পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
‘তোর মিটার তুই নে, আগের মিটার ফিরিয়ে দে’-এ স্লোগানে লালমনিরহাটের পাটগ্রামে প্রিপেইড মিটার অপসারণ ও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ।
রোববার (১৬ আগস্ট) দুপুরে পাটগ্রাম পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য দেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিসমিল্লাহ ফাউন্ডেশনের মুহাম্মদ আব্দুল আকবার বিন আফসার, মুহাম্মদ মাসুদ আলমসহ অন্যরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রিপেইড মিটারে অস্বাভাবিকহারে বিল আসছে। আগে পোস্টপেইড মিটারে প্রতি মাসে যে পরিমাণ বিল আসত, বর্তমানে প্রিপেইড মিটারে তার দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বিল দিতে হচ্ছে। তাই তারা প্রিপেইড মিটার অপসারণ করে আগের পোস্টপেইড মিটার চালুর দাবি জানান।
এ ছাড়া তীব্র তাপদাহের মধ্যে ঘন ঘন লোডশেডিং বন্ধ এবং বিদ্যুতের চাহিদা অনুযায়ী গ্রিডের সক্ষমতা বাড়ানোরও দাবি জানান তারা।



