শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

বিজিবি ব্যাগ তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম পিস্তল (চায়না), একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করে।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন, গুলি ও এস্কার্প সিরাপ
উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন, গুলি ও এস্কার্প সিরাপ |নয়া দিগন্ত

যশোরের শার্শা থানার কায়বা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে কায়বা বিওপির একটি টহল দল কায়বা গ্রামের দাদখালী নামক স্থানে পাকা রাস্তার পার্শ্বে গোপন অবস্থান নেয়। এ সময় ভারত থেকে ইছামতি নদী পার হয়ে কায়বার দিকে এক ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। উক্ত ব্যক্তি না থেমে তার সাথে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেন এবং নদী সাঁতরে ভারতে পালিয়ে যান।

পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম পিস্তল (চায়না), একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলার মাধ্যমে এগুলো শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।