রংপুরে সিনেমা হলের ছোট রুমে অনৈতিক কর্মকাণ্ড, ১৯ নারীসহ আটক ৩৭

আটকদের সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী। আমরা যেভাবে তাদের আপত্তিকর অবস্থায় পেয়েছি, সেটা ভাষায় বর্ণনা করা যাবে না।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
অভিযানে আটকদের একাংশ
অভিযানে আটকদের একাংশ |নয়া দিগন্ত

রংপুর মহানগরীর শাপলা সিনেমা হলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৯ নারীসহ ৩৭ জনকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। সিনেমা দেখার আড়ালে ছোট ছোট রুমে চলত এসব অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় হলটির ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তি। তিনি জানান, আমাদের কাছে তথ্য ছিল, শাপলা হলে দীর্ঘদিন থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এক শ্রেণির নারী-পুরুষ অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ করে আসছিল।

হলের ছোট ছোট রুমে সিনেমা চলাকালীন সময়ে ৬০০ টাকার বিনিময়ে চলত এসব কর্মকাণ্ড। এ রকম অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং আজ অভিযান চালিয়ে ১৯ জন নারী ও ১৮ জন পুরুষকে আটক করা হয়। যাদের মধ্যে দু’জন হলের গার্ড ছাড়া বাকি ৩৫ জনের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তাদের সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী।

সনাতন চক্রবর্তি জানান, অভিযানের সময় কর্তৃপক্ষ বাঁধা দেয়ার চেষ্টা করে। বিষয়টি খুবই দুঃখজনক। তৃতীয় তলায় মোট ছোট ছোট আটটি রুমে অভিযান চালিয়ে তাদের অত্যন্ত আপত্তিকর অবস্থায় আটক করা হয়। ওইসব রুমের ভাড়া ৬০০ টাকা করে রাখতো কর্তৃপক্ষ। অভিযানটি সিনেমা হল কিংবা সিনেমার বিরুদ্ধে নয়। অভিযান সেখানে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে।

তিনি আরো জানান, আমরা যেভাবে তাদের আপত্তিকর অবস্থায় পেয়েছি, সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।