নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে ও গলায় ফাঁস দিয়ে মারা যাওয়া দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামে নিজ বাড়ির গোয়ালঘর থেকে সুমন রায় (২১) নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের বাবলু রায়ের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিল।
পুলিশ জানায়, সুমন রায় ঢাকায় রাজমিস্ত্রির কাজ করত। গত ৭ সেপ্টেম্বর সে ঢাকা থেকে বাড়িতে আসে। বুধবার সকালে প্রতিবেশীরা গোয়ালঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুল্লাহ জানান, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বুধবার সকালে ডোমার উপজেলার কাজিরহাট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে কাজীরহাট বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান তারা।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’



