বরিশালের মুলাদী উপজেলায় পাওনা টাকা চাওয়ায় আল আমিন (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) দুপুরে উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে।
নিহত আল আমিন বালিয়াতলী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।
আটকরা হলেন— বালিয়াতলী গ্রামের সালাম পন্ডিতের ছেলে নোমান, আক্তার সরাদারের ছেলে আজিজুল ও আলী ঘরামীর ছেলে সাহাবুদ্দিন ঘরামী।
জানা যায়, আল আমিন একই গ্রামের নোমান, আজিজুল ও সাহাবুদ্দিনের কাছ থেকে টাকা পেত। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নোমান ও অন্য দু’জন আল আমিনকে পাওনা টাকা দিবে বলে ডেকে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা আল আমিনকে জীবিত মনে করে চিকিৎসার জন্য মুলাদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় জনগণ ও আল আমিনের স্বজনরা অভিযুক্ত নোমান, আজিজুল ও সাহাবুদ্দিন ঘরামীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে।
নিহত আল আমিনের আত্মীয় আলাউদ্দিন সিকদার জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য বিক্রি ও সেবন করে আসছে। তারা আল আমিনকে ডেকে নিয়ে হত্যা করছে। আল আমিন কোরআনের হাফেজ ছিল। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ বিষয় মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মো: সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়ছে। এর সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



