রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুত্রবধূ ও শ্বশুরের মৃত্যু

বৈদ্যুতিক তারে ভেজা কাপড় মেলতে গিয়ে গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে শ্বশুরও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বিদ্যুৎস্পৃষ্টে পুত্রবধূ ও শ্বশুরের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে পুত্রবধূ ও শ্বশুরের মৃত্যু |ফাইল ছবি

রাজশাহীর চারঘাটে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শ্বশুর শমসের আলী (৬০) মারা গেছ্নে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার অনুপমপুর কলোনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। শমসের আলী একই গ্রামের মরহুম রেকাত আলীর ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তাকদিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাড়ির ভেতরে একটি ব্যাটারিচালিত ভ্যান চার্জে দেয়া ছিল। সেখান থেকে বৈদ্যুতিক সংযোগের একটি তার গোয়ালঘরের দিকে নেয়া হয়। শুক্রবার দুপুর ১টার দিকে তানিয়া ওই তারে ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে শ্বশুর শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু’জনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।’