আড়িয়াল বিলে অবৈধভাবে মাটি কাটায় অর্থদণ্ডসহ ৮ জনের কারাদণ্ড

অভিযান পরিচালনার সময় শ্রীনগর থানা পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা করে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
আড়িয়াল বিলে অবৈধভাবে মাটি কাটায় অর্থদণ্ডসহ ৮ জনের কারাদণ্ড
আড়িয়াল বিলে অবৈধভাবে মাটি কাটায় অর্থদণ্ডসহ ৮ জনের কারাদণ্ড |ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আড়িয়াল বিলের হাসাড়া ইউনিয়নের আলমপুর ঘাট ও বিলের অন্যান্য এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বালি ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হয় এ অভিযান। এ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল। অভিযান পরিচালনার সময় শ্রীনগর থানা পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা করে।

অভিযানে আড়িয়াল বিলের পরিবেশগত ভারসাম্য বিনষ্ট করে অবৈধভাবে মাটির উপরের স্তর কাটাসহ ভরাটের অভিযোগে মোট ৮টি মামলায় ৮ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপে আড়িয়াল বিলের অবৈধ মাটি কাটা ও ভরাটের কার্যক্রম থমকে গেল।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে ৪ জনকে ৩০ দিন করে এবং অপর ৪ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে মোট ৪ লাখ ৪ শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল বলেন, জনস্বার্থে আড়িয়াল বিলসহ পুরো শ্রীনগর উপজেলায় মাটি কর্তন, অবৈধ ড্রেজার ও বালু ভরাটের বিরুদ্ধে অভিযান চলমান আছে। ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।