ডোমারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

‘আমরা থানায় ও ট্রিপল নাইনে ফোন দিলেও পুলিশ প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। পুলিশ যদি ফোন পাওয়ার পরপরই সময়মতো ঘটনাস্থলে আসতো, তাহলে হয়তো আমার চাচা মজনু মারা যেত না।’

Location :

Domar
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত |নয়া দিগন্ত

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর ডোমারে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মজনু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের দুই ভাই।

বুধবার (১১ মার্চ) সকালে ডোমার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ময়দান পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।

নিহত মজনু একই এলাকার মরহুম তফির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই বিরোধপূর্ণ জমিতে থাকা একটি শুকনো গাছ কাটতে যান। এ সময় প্রতিপক্ষ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের লোকজন গাছ কাটতে বাধা দেন। আর তাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মজনুসহ তিন ভাই গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: আসমাউল হুসনা আহত মজনু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এ বিষয়ে নিহত মজনুর ভাতিজি মিম অভিযোগ করে বলেন, ‘আমরা থানায় ও ট্রিপল নাইনে ফোন দিলেও পুলিশ প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। পুলিশ যদি ফোন পাওয়ার পরপরই সময়মতো ঘটনাস্থলে আসতো, তাহলে হয়তো আমার চাচা মজনু মারা যেত না।’

এ বিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুল্লাহ একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় নিয়ে আসা হয়েছে।