মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় একটি বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তড়িৎ পদক্ষেপে আশপাশের বসতঘরগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার তেউটিয়া রাউথগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, লৌহজং উপজেলার তেউটিয়া রাউথগাঁও এলাকার মো: জিতু শেখের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম নয়া দিগন্তকে জানান, মোবাইল ফোনে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরো জানান, আগুনে একটি টিনের রান্নাঘর ও সেখানে থাকা লাকড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের বসতঘরগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।



