গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদরাসার শিক্ষার্থী খুন, কিশোর গ্রেফতার

ঘটনার রাতে আসামি ছাব্বির আহম্মেদকে ওই জঙ্গলে বসে গাঁজা সেবন করার সময় দেখে ফেলে রনি। বিষয়টি অন্যদের জানিয়ে দেয়ার কথা বলে রনি। ছাব্বির একাধিকবার অনুরোধ জানিয়ে নিষেধ করলেও রনি তাতে রাজী হয়নি।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
হত্যার শিকার মাদরাসার শিশুছাত্র মাহাবুব ইসলাম রনি, (ডানে) হত্যাকারী কিশোর ছাব্বির আহম্মেদ
হত্যার শিকার মাদরাসার শিশুছাত্র মাহাবুব ইসলাম রনি, (ডানে) হত্যাকারী কিশোর ছাব্বির আহম্মেদ |নয়া দিগন্ত

গাজীপুরে গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাহাবুব ইসলাম রনি (১৩) নামে মাদরাসার এক শিশুছাত্রকে খুন করে আগুনে পুড়িয়ে দিয়েছে এক বখাটে কিশোর। ঘটনার সাথে জড়িত কিশোর ছাব্বির আহম্মেদকে (১৯) গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

নিহত মাহাবুব ইসলাম রনি ময়মনসিংহের গৌরীপুর থানার দৌলতপুর এলাকার সোহাগ মিয়ার ছেলে এবং গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর পূর্বপাড়া এলাকার খুরশিদিয়া মারকাজুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানার নাজেরা বিভাগে অধ্যয়নরত ছিল।

গ্রেফতার কিশোর ছাব্বির আহম্মেদ (১৯) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নিজতুলন্দর গ্রামের দেওয়ানগঞ্জ বাজার এলাকার মো: আব্দুল বারেকের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র এসআই বিশ্বজিত বিশ্বাস জানান, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার ভবানীপুর পূর্বপাড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় মাদরাসায় লেখাপড়া করত মাহাবুব ইসলাম রনি। গত ২৭ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ শেষে স্থানীয় মসজিদ থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় সে।

পরে স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন স্থানীয় একটি জঙ্গলের ভেতরে আগুনে পোড়া অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। নিহতের মাথা থেকে কোমড় পর্যন্ত আগুনে পোড়া অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের দাদা মো: তারা মিয়া থানায় মামলা দায়ের করেন।

পিবিআই-এর পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ জানান, থানা পুলিশের পাশাপাশি পিবিআই মামলাটির ছায়া তদন্ত শুরু করে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে তথ্য প্রমাণের ভিত্তিতে স্থানীয় একটি দোকানের কর্মচারী ছাব্বির আহম্মেদকে গ্রেফতার করে পিবিআই।

গ্রেফতার ছাব্বিরকে শুক্রবার আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর পরিপ্রেক্ষিতে ক্লুলেস এ ঘটনার হত্যার রহস্য উন্মোচন হয়।

তিনি আরো জানান, ঘটনার রাতে আসামি ছাব্বির আহম্মেদকে ওই জঙ্গলে বসে গাঁজা সেবন করার সময় দেখে ফেলে রনি। বিষয়টি অন্যদের জানিয়ে দেয়ার কথা বলে রনি। ছাব্বির একাধিকবার অনুরোধ জানিয়ে নিষেধ করলেও রনি তাতে রাজী হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে ছাব্বির পেছনদিক থেকে রনিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে ঘাড় মটকে গলা চেপে ধরে। এতে ঘটনাস্থলেই নিহত হয় রনি। পরে নিহতের লাশ ওই জঙ্গলের ভেতর আগুনে পুড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জিজ্ঞাসাবাদে ছাব্বির জানিয়েছে।