কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালামকে (৪৩) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ মে) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার শাহজাহানপুরে অবস্থিত র্যাব-৩ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার আবুল কালাম উপজেলার চরলক্ষীয়া গ্রামের মরহুম শামসুদ্দীনের ছেলে। তিনি দীর্ঘ ২৬ বছর যাবত পলাতক ছিলেন। সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত তিন মাস যাবত পলাতক আসামি আবুল কালামের গতিবিধি লক্ষ করছিল পাকুন্দিয়া থানা পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে ঢাকার শাহজাহানপুরে অবস্থিত র্যাব-৩ এর সহযোগীতায় পাকুন্দিয়া থানার এএসআই সঞ্জয় কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত ২০০১ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার চরলক্ষীয়া গ্রামের আবুল কালামের সাথে একই গ্রামের সোহেল (১৪) এর কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে কালাম সোহেলকে গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই কালাম পলাতক ছিল।
এ ঘটনায় নিহতের বড় ভাই আজিজুল হক জজ মিয়া বাদি হয়ে কালামকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ২০১০ সালে কালামকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিকে এত বছর পর গ্রেফতার করা পাকুন্দিয়া থানা পুলিশের একটি বড় সাফল্য। দীর্ঘ ২৬ বছর যাবত আত্মগোপনে ছিলেন তিনি। তাকে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’



