জেলার সব তেল পাম্প বন্ধ ঘোষণা

নড়াইলে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা, অভিযুক্ত চালক গ্রেফতার

পাম্পে তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের পাশে তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৩) হত্যায় জড়িত অভিযুক্ত সুজাত মোল্যাকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
পাম্প ম্যানেজারকে হত্যায় অভিযুক্ত চালক গ্রেফতার
পাম্প ম্যানেজারকে হত্যায় অভিযুক্ত চালক গ্রেফতার |নয়া দিগন্ত

পাম্পে তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের পাশে তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৩) হত্যায় জড়িত অভিযুক্ত সুজাত মোল্যাকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৯ মার্চ) বিকেলে যশোরের বাঘারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ওইদিন (রোববার) দুপুরে যশোরের বেনাপোল থেকে ট্রাকটি জব্দ করেছে পুলিশ। সুজাত মোল্যার বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। ঘর তালাবন্ধ রয়েছে।

এদিকে, নাহিদ হত্যার ঘটনায় নড়াইল জেলার সব তেল পাম্প একদিনের (রোববার) জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলা তেল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু বলেন, ‘তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ হত্যার ঘটনায় নড়াইল জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এর আগে শনিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে ট্রাকে তেল না পেয়ে ট্রাকচালক নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের সুজাত মোল্যা তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে পাম্পের পাশে মহাসড়কের ওপর ট্রাকচাপা দিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

নিহত নাহিদ পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। এ সময় নাহিদের সঙ্গী চামরুল গ্রামের জিহাদ মোল্যাকেও (২৭) ট্রাকচাপায় দিয়ে ডান পা ভেঙ্গে দেয়া হয়েছে। ঢাকা পঙ্গু হাসপাতালে তার পায়ের অস্ত্রোপচার চলছে। আহত জিহাদ চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

তেলপাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার রাতে তেল না পেয়ে বাকবিতন্ডার একপর্যায়ে ট্রাকচালক সুজাত ওই পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটের দিকে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নাহিদ মোটরসাইকেলযোগে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়িতে যাওয়ার সময় পাম্প থেকে ট্রাক চালিয়ে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করে ট্রাকচাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী বলেন, ‘নাহিদ হত্যার ঘটনায় রোববার দুপুরে বেনাপোল থেকে ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।’

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া জানান, সুজাত মোল্যাকে যশোর থেকে গ্রেফতার করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির বলেন, ‘খবর পেয়ে সরেজমিন গিয়েছি। পাম্পের নিরাপত্তার জন্য সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে।’