মেহেরপুর-১ আসনে ১১ দলীয় জোটের জামায়াতের প্রার্থীর পক্ষে গণমিছিলে মানুষের ঢল নেমেছিল। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর কোর্ট মোড় থেকে গণমিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে তাজউদ্দিন খান বলেন, ‘আজকে থেকে প্রচারণা বন্ধ হয়ে যাচ্ছে। একটি দলের নেতাকর্মীরা মিথ্যা অপপ্রচার চালিয়ে বলছে, জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসি দেবে। কিন্তু আমরা বলতে চাই, জামায়াত কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। বরং কারা প্রতিহিংসার রাজনীতি করে তা মানুষ জানে।’
জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা ১২ তারিখ পর্যন্ত ঘুম হারাম করে কেন্দ্র পাহারা দেবো। প্রচারণা বন্ধের মধ্যে টাকার ছড়াছড়ি হবে। আমরা টাকা দিয়ে ভোট কিনতে দেবো না। টাকা দিয়ে আপনার মাথা কিনে নিলে আপনি আগামী পাঁচ বছর আপনার অধিকার চাইতে পারবেন না। মেহেরপুরের মানুষ পরিবর্তন চায়। তাই ভোটের দিন পর্যন্ত ঘুমকে হারাম করে বিজয়কে ছিনিয়ে আনব, ইনশাআল্লাহ।’
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, নায়েবে আমির মাওলানা মাহাবুব উল আলম, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলার আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলারসহ আরো দায়িত্বশীলরা।



