নবীনগরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

নিহতের মাথায় চারটি ধারালো অস্ত্রের আঘাত এবং হাত ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া একটি পা ভাঙা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Brahmanbaria
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আমির হোসেনের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের এমপি টিলা সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আমির রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামের মরহুম মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমির হোসেন বুধবার রাতে ঢাকা থেকে বাড়িতে যাওয়ার জন্য সলিমগঞ্জ আসেন। রাত ১০ পর্যন্ত পরিবারের লোকজনের সাথে আলাপচারিতা হলেও এরপর থেকে তার কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। সকালে এমপি টিলা সংলগ্ন এলাকায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।

নিহতের ছেলে আব্দুর রহিম বলেন, ‘আমার বাবা ঢাকায় তরকারির ব্যবসা করতো। বুধবার রাত ১০টার দিকে বাবার সাথে মোবাইলে কথা হয়।’

তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুনিল চন্দ্র সূত্রধর জানান, নিহতের মাথায় চারটি ধারালো অস্ত্রের আঘাত এবং হাত ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া একটি পা ভাঙা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে।