লোহাগড়ায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে কিশোরী নিখোঁজ

সীমা তার নানির সাথে মধুমতী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী সীমা খানম
নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী সীমা খানম |নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।

রোববার (১০ মে) দুপুর ৩টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কোটাকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) শেখ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী সীমা খানম পার্শ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানি বাড়িতে থাকত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমা তার নানির সাথে মধুমতী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোনো সন্ধান পায় নাই। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের অফিসার সোহাগ উজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন শেষে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনা অবহিত করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে খুলনা থেকে আগত ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে।’