বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, ‘সাংবাদিকদের ক্ষেত্রে নেই কোনো নীতিমালা। চাইলেই যে কেউ হতে পারে সাংবাদিক। এ জন্য দরকার হাতে একটি কলম, ক্যামেরা ও মোবাইল ফোন। এতে সমাজে বাড়ছে অপসংবাদিকতা। এটি এখনই রোধ করা না গেলে সাংবাদিক পেশাটা কলঙ্কিত হয়ে যাবে। তাই দ্রুতই শিক্ষাগত যোগ্যতা ছাড়া কেউ যাতে সাংবাদিক না হতে পারেন সে নীতমালা তৈরি করতে যাচ্ছে সরকার।’
বুধবার (২২ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল হাকিম বলেন, ‘বিশ্বের প্রতিটি পেশার ক্ষেত্রে একটি নীতিমালা রয়েছে। চিকিৎসক হলে মেডিক্যালে পড়ালেখা শেষে বিএমডিসির নিবন্ধন নিতে হয়, আইনজীবী হতে হলে বার কাউন্সিলে পরীক্ষা দিতে হয়, থাকতে হয় শিক্ষাগত সনদ। অথচ সাংবাদিকদের ক্ষেত্রে নেই কোনো নীতিমালা।’
তিনি বলেন, ‘সাংবাদিকদের অধিকার আদায়ে নিজেদের সচেতন হতে হবে। থাকতে হবে ঐক্যবদ্ধ। জানতে হবে শ্রম আইন। কারণ সাংবাদিক মানেই একজন শ্রমিক। দাবি-দাওয়া আদায়ের জন্য শ্রম আইনের স্মরণাপন্ন হতে হবে তাদের। এছাড়াও সাংবাদিকদের ইউনিয়ন থাকা বাধ্যতামূলক। থাকতে হবে নিবন্ধনও। এটি ছাড়া দাবি-দাওয়া আদায় কখনই সম্ভব নয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বাংলাদেশে প্রেস কাউন্সিলের সচিব আবদুস সবুর।
জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় অংশ নেন।



