আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

একটি দল দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসার চেষ্টা করছে

‘দিল্লির গ্রীন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসার চেষ্টা করছে একটি দল। যদি নিশ্চিত হতে চাই শেখ হাসিনার মত কেউ আর ফ্যাসিবাদী হবে না তাহলে অবশ্যই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরের কাউনিয়া বালিকা মডেল স্কুল মাঠে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
রংপুরের কাউনিয়া বালিকা মডেল স্কুল মাঠে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া |নয়া দিগন্ত

বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অভিযোগ করে বলেছেন, ‘দিল্লির গ্রীন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসার চেষ্টা করছে একটি দল। যদি নিশ্চিত হতে চাই শেখ হাসিনার মত কেউ আর ফ্যাসিবাদী হবে না তাহলে অবশ্যই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।’

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া বালিকা মডেল স্কুল মাঠে রংপুর-৪ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আখতারের নির্বাচনী পদযাত্রার সভায় এই অভিযোগ করেন তিনি।

কাউনিয়া উপজেলা জামায়াত আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ দক্ষিনাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মনিরা শারমীন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত , জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপিরি যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন প্রমুখ।

আসিফ মাহমুদ বলেন, ১১ দলীয় জোট নির্বাচিত হতে পারলে বিডিয়ার গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা এবং জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, হাদীসহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।’

তিনি আরো বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে রাজনৈতিক কারণে আঞ্চলিক বৈষম্যের শিকার অঞ্চল গুলোকে আর বৈষম্যের শিকার হতে দেয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

এর আগে আসিফ মাহমুদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাত করেন। অপরদিকে হাসনাত আব্দুল্লাহ হারাগাছসহ বিভিন্ন এলাকায় পদযাত্রা করে শাপলা কলির পক্ষে ভোট চান। পরে পীরগাছায় আখতারের নির্বাচনী জনসভায়ে যোগ দেন এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।