নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আরফান মোল্লা (৫৫) নামের এক বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরফান মোল্লার ছেলে লিয়ন মোল্লা (৩৫) ও এসএস পাইপের কাজের মিস্ত্রি সাদিকুর রহমান (৩২)।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ব্যবসায়ী মজিবর রহমানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিজের নির্মাণাধীন ভবনের ছাদে স্টিলের পাইপ বসানোর কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরফান মোল্লা গোলাকান্দাইল এলাকার মরহুম আফতাব মোল্লার ছেলে। আহত দু’জনের বাড়িও একই এলাকায়।
পুলিশ জানায়, স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ বসানোর কাজ করছিলেন তারা। এ সময় পাইপটি পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সাথে স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আরফান মোল্লার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা তার ছেলে লিয়ন মোল্লা ও মিস্ত্রি সাদিকুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইনস্টিউটে ভর্তি করেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।


