সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে উত্তোলন করা ২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এসব পাথর জব্দ করে।
শনিবার (৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধ সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝুমগাঁও গ্রামের প্রবাসী চেরাগ আলীর মালিকানাধীন একটি সীমানা প্রাচীর ঘেরা জায়গায় অভিযান চালানো হয়। এ সময় কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেখানে মজুত করা প্রায় দুই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
তিনি জানান, বেআইনিভাবে পাথর উত্তোলন ও মজুতের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। জব্দকৃত পাথরের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



