ঝালকাঠিতে ভুয়া পরিচয়ে পাসপোর্টের আবেদন, দুই নারী আটক

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অন্যের পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা এবং প্রতারণার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দেয়ার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঝালকাঠি থানা
ঝালকাঠি থানা |নয়া দিগন্ত

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অন্যের পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা এবং প্রতারণার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দেয়ার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— চট্টগ্রাম চান্দগাঁও নতুন ব্রিজ এলাকার রুহি সুলতানা (২১) ও বরিশাল সদর উপজেলার ভাটিখানা এলাকার জাফরিন আক্তার একা (২৪)।

পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম রোড এলাকার শিল্পী আক্তার নামের এক নারীর পরিচয়ে ছদ্মবেশে ফিঙ্গারপ্রিন্ট দেয়ার চেষ্টা করছিলেন রুহি সুলতানা। এ সময় তার সহযোগী হিসেবে জাফরিন আক্তারকেও আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা রুহি সুলতানা নিজেকে রোহিঙ্গা হিসেবে পরিচয় দিয়েছেন। তার নিজের কোনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই।

পাসপোর্ট করার জন্যে তিনি প্রায় নয় মাস ধরে ঝালকাঠি বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শফিউল্লাহ জানান, দুই নারী পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। তাদের নাম-ঠিকানা যাচাই করতে চাইলে তারা সন্তোষজনক তথ্য দিতে পারেননি। পরে জাতীয় পরিচয়পত্রের সাথে ছবি মিলিয়ে দেখলে অসংগতি পাওয়া যায়। বাংলাদেশের নাগরিকত্বের পক্ষে গ্রহণযোগ্য কোনো কাগজপত্রও তারা দেখাতে পারেননি।

তিনি আরো বলেন, নাগরিকত্ব নিয়ে সন্দেহ হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। প্রাথমিকভাবে পাসপোর্ট প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নেয়ার বিষয়টি ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো: মিলন জানান, পাসপোর্ট কার্যালয় থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারীকে আটক করে। তাদের কাছে থাকা কাগজপত্রের তথ্যের সাথে কথাবার্তার মিল পাওয়া যায়নি। তবে তারা রোহিঙ্গা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, রুহি সুলতানা পাকিস্তানি এক যুবককে বিয়ে করেছেন। এ কারণে তিনি মাঝে মাঝে উর্দু ভাষায় কথা বলছিলেন। বিষয়টি আইনগতভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।