চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত ৩১ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাকে (সাবেক ইউপি সচিব) একযোগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরের স্থানীয় সরকার শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। জেলার আট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন কর্মরত এসব কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করে অফিস আদেশ জারি করা হয়েছে।
এ অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ৩১ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১০ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, বদলির তালিকায় চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার জারি করা এ আদেশের অনুলিপি চাঁদপুরের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
একযোগে এ বদলির ফলে জেলার ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে নতুন কর্মপরিবেশ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইউএনবি



