লালমনিরহাটের হাতীবান্ধায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সতীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া রবিউল ইসলাম (১৫) সতীরপাড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাবা-ছেলে নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনই আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাবা হাবিবুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি দেখভালের জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেয়া হবে।



