মেহেরপুরের গাংনী উপজেলায় তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহকে (৪০) গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
রোববার (২১ জুন) বেলা ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার (২০ জুন) রাতে গাংনীর ভবানিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি টিম একই উপজেলার করমদি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মন্টু শাহ গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পুরাতনপাড়া এলাকার ফজল আলীর ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ এই তথ্য নিশ্চিত করে জানান, গত বছরের ২০ ডিসেম্বর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও সাহেবনগর মাঠের মধ্যে একটি পেঁপে বাগান থেকে তপন হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই ঘটনায় তপনের স্ত্রী আশিকা ইয়াসমিন রুপা গাংনী থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি হিসেবে সাতজনকে সাসপেক্ট করে পুলিশ। পুলিশের সেই তালিকার ছয় নম্বর আসামি মন্টু শাহ।
ওসি মোহাদ্দিদ মোর্শেদ আরো জানান, মামলার পর থেকেই মন্টু শাহসহ অন্য আসামিরা পলাতক ছিল। গ্রেফতার মন্টুকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



