সাভার (ঢাকা) সংবাদদাতা
ঢাকার সাভারে নেশাগ্রস্ত বাবার সাথে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির মহিন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছেলে সিজান আহমেদকে (১৮) আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিন মিয়া স্থানীয় মরহুম আব্দুল মালেকের ছেলে। তিনি পেশায় একজন দুধ বিক্রেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে মহিন মিয়া নেশাগ্রস্ত অবস্থায় বাইরে থেকে বাসায় ফেরেন। ডাকাডাকির পর ঘুমন্ত ছেলে সিজান দরজা খুলতে কিছুটা দেরি করেন। বাসায় ঢুকেই মহিন মিয়া ছেলের কাছে চার্জার লাইট চান। ছেলে সকালে কাজে যাওয়ার কথা জানিয়ে আরো কিছুক্ষণ ঘুমানোর আকুতি জানালে বাবা ও ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে মহিন মিয়া ছেলেকে মারধর করেন এবং গলা চেপে ধরেন। এতে সিজানের শ্বাস নিতে কষ্ট হলে সে বাবার হাত থেকে আত্মরক্ষার্থে বাবার অণ্ডকোষে সজোরে চাপ দেয়। সাথে সাথেই মহিন মিয়া বিছানায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সিজান আহমেদকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



