ঝালকাঠির রাজাপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার এবং প্রাণনাশের হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো: মনির হাওলাদার (২৭), রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা। তিনি সোমবার রাতে (২৭ জুলাই) রাজাপুর থানায় এ অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, জগাইরহাট এলাকার বাসিন্দা মহিবুল্লা মহিব দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিভিন্ন ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে আসছেন। এসব পোস্টের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলেও অভিযোগে দাবি করা হয়।
স্থানীয়ভাবে একাধিকবার তাকে এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট না করার জন্য অনুরোধ করা হলেও তিনি তা উপেক্ষা করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ গত ২৬ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে তিনি তার ফেসবুক পেজে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ভিপি নুরুল হক নুরকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযোগকারী দাবি করেন, পোস্টটি সরিয়ে নেয়ার অনুরোধ জানালে অভিযুক্ত ব্যক্তি তাকে, তার পরিবারের সদস্যদের এবং স্থানীয় কয়েকজনকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। একই সাথে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও খুন-জখমের হুমকিও দেন বলে অভিযোগে বলা হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্ত মো: মহিবুল্লাহ মহিবের ব্যবহৃত মুঠোফোনে বারবার কল দিলেও ফোনটি বন্ধ পাওয়ায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো: ফিরোজ কামাল বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



