প্রথমবারের মতো নারায়ণগঞ্জ জেলায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে সোনারগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈসাবি বিঝু উৎসব পালন করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সোনারগাঁওয়ের কাঁচপুরে এ উৎসব পালন করা হয়। এ দিবসটি উদযাপনের লক্ষ্যে তারা নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে।
পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ও আশপাশের এলাকায়। তাদের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসু, সাংগ্রাই ও বিজুকে সম্মিলিতভাবে বৈসাবি হিসেবে উদযাপন করা হয়। উৎসব উপলক্ষে ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাশে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে নদীতে ফুল ভাসিয়ে সকলের জন্য মঙ্গল কামনা করে তারা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, নারায়নগঞ্জে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তারা শুধু পহেলা বৈশাখে একদিন ছুটি পান। তাই দিবসটি তাদের পাহাড়ি এলাকায় পালনের সুযোগ থাকে না। এজন্য এ বছর তারা প্রথমবারের মতো এ বিঝু উৎসব পালন করছেন। ছোট পরিসরেও উৎসবটি পালন করতে পেরে তাদের ভালো লেগেছে বলে জানিয়েছেন।
আয়োজক কমিটির উপদেষ্টা সুমিত বড়ুয়া বলেন, নারায়ণগঞ্জ জেলায় পাহাড়ি জনগোষ্ঠী চাকরি করেন। যারা এ উৎসবে বাড়ি যেতে পারেন না তাদের নিয়েই এ উৎসব আয়োজন করা হয়েছে। এ আয়োজনে প্রশাসনসহ সকলের সহযোগিতা পেয়েছেন। নতুন বছর সকলের সুন্দর কাটুক এ প্রত্যাশায় এ উৎসবের আয়োজন করা হয়।



