গাজীপুর মহানগর সংবাদদাতা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে রাজবাড়ী রোডে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভা শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে সভায় মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার পরিচয় শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার আপসহীন ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা, কারাবাস ও নানা চাপের মধ্যেও তার অবস্থান পরিবর্তন হয়নি।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি গণতন্ত্রের জন্য তার দীর্ঘ সংগ্রাম তাকে বাংলাদেশের রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান দিয়েছে। দলের নেতাকর্মীদের কাছে তার আপসহীন নীতি ও সঙ্কটের সময় দৃঢ় থাকার মানসিকতা আজও অনুসরণীয়।
সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, জিএস সুরুজ আহমেদ, প্রভাষক বশিরউদ্দিন, মনিরুল ইসলাম বাবুল, সাইফুল ইসলাম টুটুল, গাজী সালাহউদ্দিন, অ্যাডভোকেট নাছিরউদ্দিন, শাহাদাত হোসেন শাহিন, কাজী মোস্তফাজামান খোকন, খাদিজা আক্তার বীণা প্রমুখ।



