ফ্যামিলি কার্ড একটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে : প্রতিমন্ত্রী পুতুল

সুবিধাভোগীরা জি টু পি অর্থাৎ সরকার থেকে জনগণের নিকট ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে সুবিধা পেয়ে যাবেন।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন
প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন |নয়া দিগন্ত

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘ফ্যামিলি কার্ড হচ্ছে একটি পরিবারকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য। সার্বজনীন প্রকল্পের এ কার্ডটি পরিবারের নারী প্রতিনিধির নামে হবে। পর্যায়ক্রমে অবস্থান ভেদে সবাই এ কার্ডটি পাবে। এ কার্ডের নির্দিষ্ট কোনো গ্রুপ থাকবে না। যাদের নামে ফ্যামিলি কার্ডগুলো দেয়া হবে তাদের আর অন্য কোনো কার্ড দেয়া হবে না।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সার্কিট হাউজে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে সুবিধাভোগী বাছাই করতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে হতদরিদ্র ও নিম্ন বিত্ত মানুষদের কাছে কার্ড পৌঁছানো হবে। ক্রমান্বয়ে এটা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের কাছে পৌঁছানো হবে। প্রকল্পটি বাস্তবায়নে সারাদেশে ১৪টি ইউনিটে কাজ শুরু করেছে। সুবিধাভোগীরা জি টু পি অর্থাৎ সরকার থেকে জনগণের নিকট ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে সুবিধা পেয়ে যাবেন। এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুর্নীতি এবং মধ্যস্বত্ত ভোগীমুক্ত থাকবে। এই কার্যক্রমে সকলের সহযোগিতা চাই।’

প্রতিমন্ত্রী ফারজানা শারমীন আরো বলেন, ‘জনপদ এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। দুর্নীতি, চাঁদাবাজ, দখলদারিত্ব এবং মাদকমুক্ত সুন্দর নাটোর গড়তে চাই। তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। নারীদের জন্যে আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। কৃষি প্রধান এলাকা হিসেবে নাটোরে কৃষির উন্নয়ন সাধন করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই।’

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন ডা: মুহাম্মদ মুক্তাদির আরেফীন, জেলা নির্বাচন অফিসার মো: নজরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান (বাবুল চৌধুরী) এবং মিজানুল হক ডিউক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহিরুল ইসলাম জহির।