সিলেটে ১০ দিনব্যাপী ‘আলোর অন্বেষণ বইমেলা’র উদ্বোধন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে বিকেল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে আধিপত্যবাদবিরোধী সাহসী সৈনিক জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদিকে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ফিতা কেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকী
ফিতা কেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকী |নয়া দিগন্ত

সিলেট নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস প্রাঙ্গণে ১০ দিনব্যাপী ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২৬’-এর উদ্বোধনী করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

মেলার উদ্বোধন শেষে মেলা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, ‘তরুণ প্রজন্মকে মেধাবী ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে পাঠাভ্যাস বাড়াতে হবে। নতুন প্রজন্মকে পড়া ও লেখালেখিতে উদ্ধুদ্ধ করতে হবে। সাহিত্য ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে বইমেলার আয়োজন একটি কার্যকর ও মহৎ উদ্যোগ।’

তিনি আরো বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ধ্বংস থেকে আমাদেরকে নতুন প্রজন্মকে বের করে আনতে হবে। সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তাদের বিচরণ বৃদ্ধি করতে হবে। কারণ, যে জাতির সাহিত্য ও সংস্কৃতিতে যত বেশী সমৃদ্ধ, সে জাতি তত বেশী উন্নত। আমরা আর পিছিয়ে থাকতে চাই না। তরুণ প্রজন্মের জন্য একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

আলোর অন্বেষণের সভাপতি কবি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এম জে এইচ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ- কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কবি ও প্রাবন্ধিক সালেহ আহমদ খসরু, কবি ও গবেষক ড. মোস্তফা আহমদ মুশতাক, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি ও গবেষক তাবেদার রসুল বকুল, দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসার, সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান, কবি ও প্রাবন্ধিক মাওলানা শামসীর হারুনুর রশীদ প্রমুখ।

মাওলানা হোসাইন হামিদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন— কবি ছয়ফুল আলম পারুল, ইউএস বাংলা সাহিত্য পরিষদের সভাপতি কবি আবু সালেহ, কবি শান্তা কামালী, কবি সুয়েজ হোসেন, ছড়াকার লোকমান হাফিজ, কবি মাহফুজ জোহা, কবি কামাল আহমদ, নাটকর্মী দূর্জয় কামাল, ছড়াকার ইলহাম সাদি, শিল্পী কয়েস আহমদ, সমাজকর্মী আনহার মিয়া ও কাওসার আহমদ রকি।

বইমেলার আয়োজকরা বলেন, ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে বিকেল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে আধিপত্যবাদবিরোধী সাহসী সৈনিক জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদিকে।

এদিকে বইমেলা চলাকালে মেলা প্রাঙ্গণে প্রতিদিন থাকছে নানা আয়োজন। বইমেলা ও মেলা চলাকালীন যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে (০১৭১২৩২৬০৯৯- সাজু ও ০১৭১১৬৬৮৪৩৯- জামিল) মোবাইল নাম্বারে যোগাযোগের আহ্বান জানানো হচ্ছে।