পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযোগে রাজশাহীতে শরিফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৫ রাজশাহীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর পানির ট্যাংকি এলাকার একটি ভাড়া বাসা থেকে শরিফুলকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার শরিফুল বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: হুমায়ুন কবীরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড দিয়ে অ্যাডিশনাল ডিআইজি হুমায়ুন নামে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ওই আইডি ব্যবহার করে প্রশাসন ক্যাডার, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের ফোন ও মেসেজ দিয়ে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করতেন।
র্যাব আরো জানায়, শরিফুল রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দীর্ঘদিন অনলাইন প্রতারণা করে আসছিলেন। এর আগে পুলিশ কর্মকর্তার পরিচয়ে একই ধরনের প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়ে পরে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারো একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা বিষয়টি প্রক্রিয়াধীন।



