মায়ের সাথে ভোট কেন্দ্রে আখতার

নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে, শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হবো

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন সকালে তার মাকে সাথে নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

Location :

Pirgachha
মায়ের সাথে ভোট কেন্দ্রে আখতার
মায়ের সাথে ভোট কেন্দ্রে আখতার |নয়া দিগন্ত

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন সকালে তার মাকে সাথে নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তার মা রোকেয়া বেগম। তবে আখতার হোসেন নিজে ঢাকার ভোটার হওয়ায় এই আসনে ভোট দিতে পারেননি।

ছেলের প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে রোকেয়া বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘দোয়া করি দিছি। শাপলা কলি মার্কায় ভোট দিছি। আল্লাহ রহম করুক, বাবা যেন উঠি যায় (জয়লাভ করে)।’

মাকে কেন্দ্রে নিয়ে আসা প্রসঙ্গে আখতার হোসেন সাংবাদিকদের বলেন, ‘একজন সন্তান হিসেবে আমার মা আমাকে ভোট দিচ্ছেন, এই দৃশ্য দেখা আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আশা করছি, রংপুরের মানুষ সব বাধা উপেক্ষা করে শাপলা কলি প্রতীকেই ভোট দেবেন এবং শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হবো।’

ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন অভিযোগ করেন, ‘গতকাল রাত থেকেই বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন অনিয়ম ও সংঘর্ষের খবর আমাদের কাছে আসছে। শাপলা কলি ও দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থকদের ওপর হামলা ও হুমকি দেয়া হয়েছে। বিশেষ করে আমাদের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে; এমনকি গতকাল এক কর্মীর স্কার্ফ খুলে নেয়া এবং মাইক কেড়ে নেয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে।’

তিনি আরো বলেন, আমরা প্রশাসনের চরম দুর্বলতা লক্ষ করছি। এভাবে চলতে থাকলে নির্বাচনের ফলাফল নিয়ে শঙ্কা তৈরি হবে। আমরা আহ্বান জানাই, আপনারা সাহসিকতার সাথে নিরপেক্ষ ভূমিকা পালন করুন। আপনাদের ভূমিকা স্বচ্ছ হলে জনগণ আপনাদের পাশেই থাকবে।

ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বুলবুল আহমদ জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৫২ জন। এরমধ্যে নারী ভোটার ১ হাজার ৯৮৪ এবং পুরুষ ভোটার ১ হাজার ৭৬৪ জন। সকাল সাড়ে ৭টা থেকেই মোট ৭টি বুথে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে।