গাইবান্ধার গোবিন্দগঞ্জ অভিযান চালিয়ে ৯৯০ পিস বুপ্রেনরফিন (অ্যাম্পুল) ইনজেকশনসহ মোছাম্মৎ রেজিয়া বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ১টার দিকে কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
আটক রেজিয়া বেগম দিনাজপুর জেলার হাকিমপুর থানার নয়াপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) আকতারুজ্জামান ও সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সোহেল রানার একটি টিম নিয়মিত মাদকবিরোধী চেকিং ডিউটি পরিচালনাকালে গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সিএনজির এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী কনস্টেবলের মাধ্যমে তার হাতে থাকা একটি কালো স্কুল ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতরে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় রাখা সর্বমোট ৯৯০ পিস কাঁচের অ্যাম্পুল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইনজেকশনের মূল্য প্রায় চার লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্তবর্তী এলাকা থেকে ইনজেকশনগুলো সংগ্রহ করে অধিক লাভের আশায় বগুড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় থানায় সংরক্ষণ করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



