চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকরা সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকদের বিক্ষোভ
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকদের বিক্ষোভ |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকরা সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছেন।

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া-রাজেন্দ্রপুর এলাকায় ফ্যাক্টরির সামনে সোমবার শ্রমিকদের অধিকার আদায়ে বিক্ষোভের নেতৃত্ব দেন ফ্যাক্টরি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী মিলন হাজারী, সেক্রেটারি ইয়াকুব আলী, ২০২৪-এর আন্দোলনকারী সংগঠনের সভাপতি মো: হাসান, সেক্রেটারি জাহিদ, শ্রমিক মোশাররফ, রাসেল, আমান, আলাউদ্দিন প্রমুখ।

শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অবস্থান নেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম।

জানা গেছে, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকরা তাদের অধিকার আদায়ে ১৩ দফা দাবি তোলেন। তখন ফ্যাক্টরির প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা দাবিগুলো ছয় মাসের মধ্যে মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেন।

এর মধ্যে সাধারণ কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে। তবে দুই বছরেও মূল দাবিগুলো মেনে না নেয়ায় এবার সাত দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিকরা সোমবার সকালে বিক্ষোভ শুরু করেন।

দাবিগুলো হলো

১. ১২,৩৫০ টাকা সরকারি স্কেলে প্রাথমিক বেতন ধরতে হবে এবং চলতি মাসের বেতনের সাথে বাড়তি বেতন দিতে হবে।

২. ছয় মাসের মধ্যে চাকরি স্থায়ী করে ১ বছরের মধ্যে আইডি কার্ড প্রদান করতে হবে।

৩. প্রতিবছর সিনিয়রদের বেতন ১০% এবং জুনিয়রদের ১৫% করে বাড়াতে হবে।

৪. শ্রমিকদের হয়রানি করা বা হুটহাট করে সাসপেন্ড করা যাবে না।

৫. কোনো শ্রমিক অন্যায় করলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে।

৬. অ্যাডমিন আলাউদ্দিন ও রেদওয়ানকে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। তাদের সাথে উৎপাদন বিভাগের শংকর এবং জসিমকেও বহিষ্কার করতে হবে।

৭. আন্দোলনকারীদের কোনো ধরনের হয়রানি বা চাকরি থেকে বহিষ্কার করা যাবে না।

৮. নামাজের জন্য নির্দিষ্ট জায়গা ও ১৫ মিনিট সময় দিতে হবে।

এ বিষয়ে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী মিলন হাজারী বলেন, ‘সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’

শ্রমিক নেতাদের সাথে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তা, চৌদ্দগ্রাম মডেল থানা ও মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বৈঠক শেষে মঙ্গলবার দাবি বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে কথা হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আমরা উপস্থিত হয়েছি। শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত রাখা হয়েছে।’