সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিটুমিনবাহী একটি ট্রাকের চাপায় রাবেয়া খাতুন (৫০) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ জামাই রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া খাতুন উপজেলার দাদপুর মহৎপাড়া গ্রামের কোবাদ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তপ্ত তরল বিটুমিন বহনকারী একটি ট্রাক ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে দাদপুর সাহেবগঞ্জ ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকটি মূল মহাসড়ক ছেড়ে পাশের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনার সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া রাবেয়া খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং পরে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় মহাসড়কের ওই এলাকায় কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



