ধামরাইয়ে টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

বুধবার (১৩ মে) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মারুমডালী এলাকায় ‘দীপু রিনিউএবল এনার্জি’ নামের কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর
ধামরাইয়ে টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে টায়ার পুড়িয়ে তেল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে সেটি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৩ মে) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মারুমডালী এলাকায় ‘দীপু রিনিউএবল এনার্জি’ নামের কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে পরিবেশের মারাত্মক ক্ষতি করার দায়ে কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেকু দিয়ে কারখানাটির পুরো অবকাঠামো গুঁড়িয়ে দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কোনো অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে টায়ার পুড়িয়ে ক্ষতিকর তেল উৎপাদন করে আসছিল কারখানাটি। এতে সৃষ্ট কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার বলেন, অবৈধভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে এবং কারখানাটি ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসেন। এ সময় পরিদর্শক এস. এম. মনজুর-উল-আলম উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।