কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাহবুব আলম মাহবুব (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় বাজরা যুব সমাজ নামক যুব সংগঠন।
রোববার (২১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাহবুব আলম উপজেলার বাজরা গ্রামের মরহুম রজব আলীর ছেলে।
বাজরা যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়, বাজরা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার জন্য এ সামাজিক প্রতিরোধ অব্যাহত থাকবে।
কুলিয়ারচর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুজনের নেতৃত্বে বাজরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজরা যুব সমাজ নামক সংগঠনের সদস্যরা মাদক কারবারি মাহবুব আলম মাহবুবকে অবরুদ্ধ করে পুলিশকে সক্রিয়ভাবে সহযোগিতা করে। পরে যুব সমাজের সহযোগিতায় পুলিশ তল্লাশি চালিয়ে মাহবুবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশ আরো জানায়, গ্রেফতার মাহবুব আলমের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারের পর মাহবুব আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। পরে আদলত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।



