সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আল আমিন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন বালিয়াঘাট গ্রামের মরহুম জালাল উদ্দিনের ছেলে। আহতদের মধ্যে তিনজনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার গ্রামের মাঠে ফুটবল খেলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের শিশুদের মধ্যে ঝগড়া হয়। রাতে বিষয়টি মীমাংসার জন্য বালিয়াঘাট বাজারে বসলেও মিমাংসা হয়নি। এর জেরে শনিবার দুপুর ১২টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আল আমিনসহ দশজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নওশাদ আহমেদ বলেন, ‘আল আমিনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আহত আরো তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।



