গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল ১০ টার দিকে রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাটবাসীর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ১ নম্বর রুস্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) মখলিছুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ মান্নান, স্থানীয় সচেতন নাগরিক মুহিবুর রহমান মহিব, জহির উদ্দিন, ময়না মিয়া, ফয়জুর রহমান, নূর উদ্দিন, আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা অফিসকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে রুপান্তর করেছেন। ঘুষ, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা কর্মকর্তার মূলমন্ত্র। লাখ টাকা হাতিয়ে নিয়ে রশিদ দেয়া হয় ১৫০০ থেকে দুই হাজার টাকার, অফিস সহায়কদের ব্যতিরেকে দালাল আর মধ্যস্বত্বভোগীদের দিয়ে তিনি কাজ করান।
তারা আরো বলেন, ইতোপূর্বে সরকারের বিভিন্ন দফতরে অনেক আবেদন করা হলেও কোনো প্রতিকার হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।
ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন সপ্তাহে দুই-তিন দিন অফিসে আসেন, সময়মতো অফিস করেন না, জনগণের প্রয়োজন অনুযায়ী কাগজপত্র না পেয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া গত বুধবার (২৫ মার্চ) নিজ রুমে অফিস সহায়ককে দরজা বন্ধ করে মারধরের চিত্র সারাদেশের মানুষের কাছে ইউনিয়নের ভাবমূর্তিকে বিনষ্ট করেছে।
একজন ভূমি কর্মকর্তা ও অফিস সহায়কের এমন আচরণ আমাদের জন্য উদ্বেগের। অনতিবিলম্বে তহশীলদার (উপসহকারী ভূমি কর্মকর্তা) মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বরখাস্ত ও চাকরি আইন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে রুস্তমপুর, তোয়াকুল ইউনিয়নসহ ভুক্তভোগী শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



