গাজীপুর মহানগর প্রতিনিধি
সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দফতরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জিএমপি কমিশনার ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে গাজীপুরের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বক্তারা জানান, গত ১৩ আগস্ট গাজীপুর মহানগরের গাছা এলাকায় ইন্ডোসর পোশাক কারখানার সামনে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের মহড়া চলছিল। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে শরীফ ওমর টুটুলের ওপর হামলা চালানো হয়। ওই সময় তার মোবাইল ফোন ভাঙচুরের পাশাপাশি রামদা দিয়ে মাথায় কোপ দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় টুটুলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ভুক্তভোগী সাংবাদিক শরীফ ওমর টুটুল গাজীপুরের গাছা থানা প্রেসক্লাবের দফতার সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর মহানগর প্রতিনিধি।
এ ঘটনায় গাছা থানায় মামলা হলেও পাঁচ দিনেও প্রধান আসামি হামিদ মন্ডল, তার ছেলে সোহেলসহ নয়জন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।
বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে কোপানো ও তার মোবাইল ভাঙচুর মেনে নেয়া হবে না। রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে কেউ আসামিদের রক্ষার চেষ্টা করলে তা প্রকাশ্যে তুলে ধরা হবে। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
কর্মসূচিতে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।



