লালমোহনে টমটমের চাপায় স্কুলশিশুর মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানায়, জিসান স্থানীয় গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হচ্ছিল সে। এ সময় একটি ইঞ্জিনচালিত টমটমের নিচে পড়ে গুরুতর আহত হয় জিসান।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan

ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে টমটমের চাপায় জিসান (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ-লর্ডহাডিঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার রুবেলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জিসান স্থানীয় গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হচ্ছিল সে। এ সময় একটি ইঞ্জিনচালিত টমটমের নিচে পড়ে গুরুতর আহত হয় জিসান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের উপজেলা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, লর্ডহাডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়া দুর্ঘটনার বিষয়টি পুলিশকে জানিয়েছেন। দুর্ঘটনাকবলিত টমটমটি বর্তমানে তাদের জিম্মায় রয়েছে বলে তিনি জানান।

ওসি বলেন, শিশুটিকে চরফ্যাশন হাসপাতালে নেয়া হয়েছে। পরিবারের সদস্যদের মৃত্যু সনদ সংগ্রহ করে থানায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।