ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দুলালী গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সন্দেহভাজন ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় সম্ভাব্য সংঘর্ষ ও গ্রাম্য ঝগড়া-মারামারি প্রতিরোধের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং ৩২ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদসহ থানা পুলিশের একটি দল।
পুলিশ কর্মকর্তারা জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গ্রাম্য দ্বন্দ্ব বা সংঘর্ষ এড়াতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ জানান, গ্রাম্য সংঘর্ষ বা ঝগড়া যেন না ঘটে, সেজন্যই পুলিশের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



