সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শাহাব উদ্দিনের সাথে কারো কোনো বিরোধ ছিল না। তার স্ত্রীও দাবি করেন, কারো সাথে তার স্বামীর শত্রুতা বা বিরোধের কথা তারা জানতেন না।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নিহত শাহাব উদ্দিন
নিহত শাহাব উদ্দিন |নয়া দিগন্ত

সিলেটে এবার নিজ বাসার সামনে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে নগরীর শাহপরাণ (র.) থানাধিন ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘাড়ে তিনটি কোপসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি নগরীর শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার এক ছেলে ফ্রান্সে থাকেন।

নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, ‘রাতে এলাকার এক ব্যক্তি এসে জানান, তার বাবাকে কয়েকজন আটকে রেখেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, তার বাবাকে কুপিয়ে রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে। তার ঘাড়ে তিনটি কোপের চিহ্ন ছিল এবং পুরো শরীর রক্তে ভিজে ছিল। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে রাস্তাতেই তার মৃত্যু হয়।’

নিহতের পরিবারের সদস্যরা জানায়, শাহাব উদ্দিনের সাথে কারো কোনো বিরোধ ছিল না। তার স্ত্রীও দাবি করেন, কারো সাথে তার স্বামীর শত্রুতা বা বিরোধের কথা তারা জানতেন না।

ব্যবসায়ী শাহাব উদ্দিনকে হত্যার তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: মনজুর আলম বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ কমিশনারও ঘটনাস্থলে যাচ্ছেন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’