আড়াইহাজারে বিএনপি নেতার ভাইয়ের মারধরে চিকিৎসক আহত, ডাক্তারদের কর্মবিরতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন ও তার সাথে থাকা কয়েকজনের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন ও তার সাথে থাকা কয়েকজনের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে।

রোববার (৫ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

এই ঘটনার প্রতিবাদে রোববার কয়েক ঘণ্টা জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন চিকিৎসকরা। পরে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসাসেবা স্বাভাবিক করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, চামুরকান্দি এলাকার ফিরোজা বেগম পেটব্যথার চিকিৎসা নিতে জরুরি বিভাগে আসেন।

এসময় দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা আব্দুল্লাহ আল কামাল প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীর স্বামী বিল্লাল হোসেনকে একটি ইনজেকশন বাইরে থেকে কিনে আনতে বলেন।

পরে বিল্লাল হোসেন ইনজেকশন কিনে এনে সেটি প্রয়োগ করার অনুরোধ করেন। তবে সে সময় জরুরি বিভাগে অন্য এক গুরুতর রোগীর চিকিৎসা দিচ্ছিলেন আব্দুল্লাহ আল কামাল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বিল্লাল হোসেন ও তার সাথে থাকা কয়েকজন আব্দুল্লাহ আল কামালের ওপর হামলা চালিয়ে তাকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী চিকিৎসক ও আনসার সদস্যরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা জরুরি বিভাগ চালু রেখে হাসপাতালের বহির্বিভাগসহ অন্যান্য চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়।

খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিকিৎসকদের সাথে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে পুনরায় চিকিৎসাসেবা শুরু করেন।

তবে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, ‘তারা আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছে। এই ডাক্তারের বিরুদ্ধে এলাকাবাসীর আরো অনেক অভিযোগ রয়েছে। আমার ভাই তাকে মারধর করেনি।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, ‘বিষয়টি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে অবহিত করা হয়েছে। তিনি টেলিফোনে প্রশাসনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’