কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা ছয়জনের মধ্যে ঘটনাস্থলেই চালক জামাল হোসেন (৫২) নিহত হন। গুরুতর আহত অন্যদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন মারা যান।
নিহতরা হলেন— প্রাইভেটকার চালক জামাল হোসেন (৫২) এবং একই পরিবারের সদস্য আব্দুল মমিন (৫০), ঝর্না বেগম (৪০), সাইফ (৭) ও লাবিবা (১৮)। তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরো এক শিশু আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনার পর কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে ময়নামতি হাইওয়ে থানায় গিয়ে নিহতের স্বজনদের সাথে সাক্ষাৎ করা হয়। এ সময় প্রশাসনের প্রতিনিধিরা সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে প্রাপ্য ক্ষতিপূরণ পাওয়ার জন্য প্রয়োজনীয় আবেদন প্রক্রিয়া সম্পর্কে স্বজনদের অবহিত করেন। সেইসাথে দ্রুত আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, দুর্ঘটনার সময় প্রাইভেটকারের যাত্রীরা মিয়ামি হোটেলে খাবার শেষে মহাসড়কে উঠছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।



