খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলায় অবৈধ কারেন্ট জালের মাধ্যমে ১১ জুলাই, ২০২৬ তারিখ রোজ শনিবার বিকেলে কৃষ্ণপুর ইউনিয়নের উদয়পুর বাজারের সামনের হাওরে জাহেরপুর গ্রামের রমজান আলীর ছেলে মো: নওয়াব আলী (সাবেক মেম্বার) ও তার সহযোগী আয়নাল হককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার উদয়পুর বাজারের সামনের হাওরে অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জালে মাছ ধরার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান তৎক্ষণাৎ খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীনকে সাথে নিয়ে সঙ্গী ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
উক্ত কাজের সাথে জড়িত থাকা ও নিজেকে অপরাধী স্বীকার করায় মোবাইল কোর্ট পরিচালনা করে সাবেক মেম্বার নওয়াব আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তার সহযোগী হিসেবে অপরাধ স্বীকার করায় একই গ্রামের মো. আয়নাল হককে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিষিদ্ধ কারেন্ট জালে মাছ ধরার অপরাধে সাবেক মেম্বার মো. নওয়াব আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল ১২ জুলাই, ২০২৬ তারিখ রোজ রবিবার সকালে যথাযথ পুলিশ পাহারায় তাকে নেত্রকোনা জেলহাজতে পাঠানো হবে।
নিষিদ্ধ কারেন্ট জালে মাছ ধরাকে জিরো টলারেন্স করার লক্ষ্যে এ অভিযান নিয়মিত চালু থাকবে।



