পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য, বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সোনাগাজীতে গরিব, দুস্থ, অসহায় ও এতিমদের জন্য আটটি গরু বিতরণ করেছেন।
বুধবার (২৭ মে) বিকেল ৩টার দিকে সোনাগাজী আল-হেলাল অ্যাকাডেমি সংলগ্ন সড়কে মন্ত্রীর পক্ষ থেকে উপজেলা বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ গরুগুলো হস্তান্তর করেন।
বিতরণকৃত গরুগুলো জবাই করে সেগুলোর গোশত ইউনিয়ন ও পৌরসভার হিফজ মাদরাসার এতিমসহ গরীব, দুস্থ মানুষের মাঝে পৌঁছে দেবেন নিজ দলীয় নেতাকর্মীরা।
মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর পক্ষে গরু বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চর দরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া প্রমুখ।



