নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে এক হাজার ৪০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল ও একটি ভাউচার গাড়িসহ চারজনকে গ্রেফতার করেছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিনউদ্দিন। এর আগে, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো: রাশেদ (৩৮), ভাউচার গাড়ির চালক মো: নাছির উদ্দিন (৪৭), মো: শিহাব উদ্দিন (২২) ও মো: মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার খলিফার হাট এলাকায় অবস্থানকালে খবর পায় মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে এক হাজার ৪০০ লিটার ডিজেল ও একটি ভাউচার গাড়ি জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিনউদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।’



